মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন জানিয়েছেন, তার তৃতীয় কেমোথেরাপি শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করা এই উপস্থাপিকা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে হাসপাতালের শয্যা থেকে তোলা একটি ছবি প্রকাশ করে নিজের শারীরিক পরিস্থিতির কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে সামিয়া লেখেন, আগামী কয়েকটি দিন হয়তো তার জন্য কিছুটা কঠিন যাবে। তবে দ্রুত সুস্থ হয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তার একটাই প্রার্থনা, যেন শরীরে আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।

অক্টোবর ক্যানসার সচেতনতার মাস হওয়ায় এ উপলক্ষে ভক্তদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সামিয়া। শরীরে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা দিলে তা অবহেলা না করে সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেন তিনি। তার মতে, প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত করা গেলে তা বড় ধরনের পরিবর্তন আনতে পারে। নিজের যত্ন নেওয়া ও সচেতন থাকাকেই নিজের প্রতি আসল ভালোবাসা বলেও উল্লেখ করেন তিনি।

সামিয়ার এই পোস্টের পর তার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভক্ত ও শোবিজ অঙ্গনের অনেক তারকা। মন্তব্যের ঘরে মৌসুমী নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি ও ফাহমিদা নবীসহ অনেকে দোয়া ও ভালোবাসার বার্তা জানিয়েছেন।

প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সামিয়া আফরিন। ২০২২ সালের এপ্রিলে তার কোলন ক্যানসার শনাক্ত হয়। পরে সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি। তবে চলতি বছরে তার শরীরে নতুন করে ওভারিয়ান ক্যানসার শনাক্ত হয়। সম্প্রতি অস্ত্রোপচারের পর বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন তিনি।

এর আগে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ায় মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন সামিয়া। সেই সময়ের ছবি প্রকাশ করে জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথাও জানিয়েছিলেন তিনি।