‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ বিজয়ী সামানজার সাঈদ। রোববার দেশটির রাজধানী হ্যানয়ে শুরু হতে যাওয়া বৈশ্বিক এই আয়োজনের অংশ নিতে শনিবার ঢাকা ছাড়বেন তিনি।
ভিয়েতনামের উদ্দেশে উড়াল দেওয়ার আগে বৃহস্পতিবার বনানীতে আয়োজক প্রতিষ্ঠান ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর সংবাদ সম্মেলনে নিজের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেন সামানজার। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা এই তরুণী মূলত কৌতূহল থেকেই সৌন্দর্য প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। প্রথমবার অংশ নিয়েই অর্জন করেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট।
বিশ্বমঞ্চে নিজের লক্ষ্য প্রসঙ্গে সামানজার বলেন, সবচেয়ে বড় চাওয়া হলো মঞ্চে উঠে আত্মবিশ্বাস ধরে রাখা। এত দিন ধরে অর্জন করা জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিশ্বের সামনে তুলে ধরার পাশাপাশি গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান তিনি। মুকুট জয়ের পর থেকে ব্যক্তিত্ব উন্নয়ন, আন্তর্জাতিক উপস্থাপনা ও বিভিন্ন দক্ষতা নিয়ে নিয়মিত গ্রুমিং সেশনে অংশ নিয়েছেন সামানজার। তাঁর দাবি, এসব প্রস্তুতি আন্তর্জাতিক মঞ্চে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
শৈশব থেকেই গান, নাচ ও খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে সামানজারের। টানা চার বছর কথক ও ভরতনাট্যম শিখেছেন তিনি। তবে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার ব্যস্ততার কারণে একটা সময় সৃজনশীল এসব কর্মকাণ্ড থেকে দূরে সরে যেতে হয়েছিল। এখন পড়াশোনা শেষ হওয়ায় আবারও নিজের পছন্দের কাজগুলোতে মনোযোগ দিতে চান তিনি। ভালো গল্প ও উপযুক্ত চরিত্রের প্রস্তাব পেলে ভবিষ্যতে অভিনয়েও অভিষেকের ইচ্ছা রয়েছে তাঁর।
গত ১১ জুলাই জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ীর নাম। সেখানে বিদায়ী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫’ আকলিমা আতিকা কনিকার কাছ থেকে মুকুট গ্রহণ করেন সামানজার সাঈদ। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপের খেতাব পেয়েছেন লাবিবা মনজুর।
ভিয়েতনামের হো চি মিন সিটিতে আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনাই এখন সামানজার সাঈদের বড় লক্ষ্য। দেশের প্রতিনিধিত্ব করে বিশ্বমঞ্চে কতটা সাফল্য অর্জন করতে পারেন, সেদিকেই এখন নজর দর্শকদের।