দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথম সন্তানের মা হতে চলেছেন ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই সুখবর প্রকাশ করা হয়েছে।
যদিও সামান্থা কিংবা তার স্বামী জনপ্রিয় ওটিটি সিরিজ ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত নির্মাতা রাজ নিদিমরু এখনো অফিশিয়ালি এই বিষয়ে কোনো ঘোষণা দেননি। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
সম্প্রতি সামান্থা অভিনীত ও রাজ প্রযোজিত নতুন তেলুগু সিনেমা ‘মা ইনতি বানগারাম’-এর দুর্দান্ত সাফল্য উদযাপনের একটি ইনডোর ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিওটিতে সামান্থার ‘বেবি বাম্প’ বেশ স্পষ্টভাবেই বোঝা গেছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেন ও ভক্তরা এই অভিনেত্রীকে ভালোবাসা ও অভিনন্দনে সিক্ত করছেন।
সামান্থা ও রাজ নিদিমরুর প্রথম পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের দ্বিতীয় সিজনে একসঙ্গে কাজ করার সময়। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও ঘরোয়া আড্ডায় তাদের একসঙ্গে দেখা যাওয়ায় প্রেমের গুঞ্জন ডালপালা মেলে। পরবর্তীতে সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ১ ডিসেম্বর তারা পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের পর সামান্থার পুরোনো একটি চ্যাট শোর ক্লিপও নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে রাজের পাঠানো একটি বিশেষ ভিডিও বার্তা দেখে সামান্থাকে বেশ লজ্জা পেতে দেখা যায়। সেই বার্তায় রাজ সামান্থার কাজের প্রতি নিষ্ঠা এবং তামিল ও তেলুগু দুই ইন্ডাস্ট্রিতেই সমান দক্ষতার সঙ্গে রাজত্ব করার ভূয়সী প্রশংসা করেছিলেন।
উল্লেখ্য, নন্দিনী রেড্ডি পরিচালিত ‘মা ইনতি বানগারাম’ সিনেমার মাধ্যমে বিয়ের পর প্রথমবার পর্দায় একসঙ্গে কাজ করলেন এই তারকা দম্পতি। এর আগে ২০১৯ সালে ব্লকবাস্টার ‘ওহ! বেবি’ সিনেমাতেও সামান্থা ও নন্দিনী রেড্ডির সফল জুটি দেখা গিয়েছিল। সামান্থা এর আগে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তবে চার বছর সংসারের পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে নাগা চৈতন্য অভিনেত্রী সোভিতা ধুলিপালাকে বিয়ে করেন।