ঢালিউডের প্রয়াত কালজয়ী অভিনেতা সালমান শাহের মৃত্যুর প্রায় তিন দশক পর তাঁকে ও জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে নিয়ে নতুন তথ্য দিলেন সালমানের মা নীলা চৌধুরী। সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে ছেলের সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন তিনি।
দীর্ঘদিন ধরে সালমান ও শাবনূরের সম্পর্ক নিয়ে নানান প্রেম ও বিতর্কের গুঞ্জন চলে আসছিল। তবে শাবনূর বরাবরের মতোই দাবি করে এসেছিলেন যে তাঁদের সম্পর্ক ছিল ভাই-বোনের মতো। সম্প্রতি নীলা চৌধুরীও শাবনূরের সেই দাবিকে সমর্থন করে জানান, তাঁর ছেলের সঙ্গে শাবনূরের কখনোই প্রেমের সম্পর্ক ছিল না; বরং শাবনূরকে নিজের বোনের মতোই দেখতেন সালমান।
নীলা চৌধুরী বলেন, "সালমানের হত্যাকাণ্ড সম্পর্কে শাবনূর সবকিছু জানতো। তবে শাবনূরের সঙ্গে আমার ছেলের কোনো প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের ওপর নির্ভরশীল ছিল এবং সালমান তাকে সাহায্য করার চেষ্টা করতো। সালমানের কোনো বোন ছিল না, তাই সে তাকে বোনের মতোই দেখতো ও স্নেহ করতো।" নীলা চৌধুরীর এই মন্তব্যের পর শাবনূরের ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন এবং এতদিন ধরে চলা গুঞ্জনকে মিথ্যা বলে দাবি করছেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় পা রাখেন সালমান শাহ। পরবর্তীতে ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। সালমান তাঁর চার বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে মোট ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন, যার মধ্যে ১৪টিতেই তাঁর সহশিল্পী ছিলেন শাবনূর।