ভারতে চলমান প্রশ্নফাঁসবিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেছেন, এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ইস্যু।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে ৬০ বছর বয়সী এই অভিনেতা লেখেন, প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর সমস্যা। এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়, তাই একে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়। আন্দোলনের কৃতিত্ব একমাত্র শিক্ষার্থীদেরই প্রাপ্য বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থীদের সাহসের প্রশংসা করে সালমান খান আশা প্রকাশ করেন, সরকার তাদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দেবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে। একই সঙ্গে তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে বিদেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়াশোনা করতে আগ্রহী হবে।
দিল্লিকেন্দ্রিক এই প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের প্রতি এরই মধ্যে সমর্থন জানিয়েছেন ভারতের বিনোদন অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখ। সালমান খানের আগে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন।