জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী এবার বলিউডে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তার সঙ্গে জুটি বেঁধেছেন আমির খান  এর ছেলে জুনায়েদ খান। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাদের অভিনীত নতুন সিনেমা এক দিন এর ট্রেলার, যেখানে দুজনের রসায়ন ইতোমধ্যেই দর্শকদের দৃষ্টি কেড়েছে।

বুধবার (১১ মার্চ) প্রকাশিত ট্রেলারটিতে একটি আবেগঘন প্রেমের গল্পের আভাস দিয়েছেন নির্মাতা সুনীল পান্ডে। দুই মিনিটের বেশি দৈর্ঘ্যের এই ট্রেলারে দেখা যায়, রোহান নামের এক তরুণের চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ। অন্যদিকে তার প্রিয় মানুষ মীরার চরিত্রে রয়েছেন সাই পল্লবী।

গল্পে দেখা যায়, একটি ‘ফরচুন বেল’-এর সামনে দাঁড়িয়ে রোহান প্রার্থনা করে যেন অন্তত একদিনের জন্য হলেও সে মীরাকে নিজের করে পায়। ভাগ্যের অদ্ভুত খেলায় সেই ইচ্ছা পূরণও হয়। তারা একসঙ্গে জীবনের সবচেয়ে সুন্দর একটি দিন কাটায়। তবে সূর্য ডুবে গেলে তাদের সম্পর্কের কী পরিণতি হবে সেই রহস্যই ছবির মূল আকর্ষণ হয়ে উঠেছে।

এই ছবির আরেকটি বড় চমক হলো গায়ক অরিজিৎ সিংয়ের কণ্ঠ। সম্প্রতি ছবির গানের কাজের জন্য পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে গিয়েছিলেন আমির খান। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, ছবিতে অরিজিতের গান থাকতে পারে। ট্রেলার প্রকাশের পর সেই অনুমানই সত্যি হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের থাই সিনেমা ওয়ান ডে এর গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই সিনেমা। ‘এক দিন’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটছে সুনীল পান্ডের। আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ছবিটির। এর আগে তিনি দিল্লি বেলিলাল সিং চাড্ডা সহ একাধিক ছবিতে সহকারী হিসেবে কাজ করেছেন।