কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা অসুস্থ হয়ে ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন’এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর মাধ্যমে ছড়ানো এই ভুয়া খবরে ক্ষুব্ধ ও হতাশ শিল্পীর পরিবার। বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন রুনা লায়লার একমাত্র কন্যা তানি লায়লা।
তানি জানিয়েছেন, তার মা সম্পূর্ণ সুস্থ আছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, সামান্য অর্থ উপার্জনের আশায় এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও ও ভুয়া খবর ছড়ানোর ঘটনায় তিনি ‘বিরক্ত ও অতিষ্ট’। এসব কনটেন্টের বিরুদ্ধে একটি একটি করে রিপোর্ট করার কথাও জানান তিনি।
আক্ষেপ প্রকাশ করে তানি আরও লেখেন, ‘আমার মা তার জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন। অথচ মানুষ এখনও তাকে এভাবেই অসম্মান করে চলেছে; কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য!’
রুনা লায়লার সুস্থতার বিষয়টি নিশ্চিত করে তানি বলেন, তার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই। এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি। একই সঙ্গে গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
৭৪ বছর বয়সী রুনা লায়লা এখনও সংগীতে সক্রিয়। গেল মাসেই অস্ট্রেলিয়ার দুই শহরে কনসার্ট করেছেন তিনি। এর আগে ঢাকায় এবং শিল্পকলা একাডেমিতেও গান পরিবেশন করেন এই কিংবদন্তি শিল্পী।