সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। একের পর এক তারকার যুক্ত হওয়ার খবরে সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি চমকপ্রদ খবর। প্রায় দুই দশক পর বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে রানি মুখার্জি ও অভিষেক বচ্চনকে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমায় রানি মুখার্জি ও অভিষেক বচ্চনকে একে অপরের বিপরীতে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে তাদের চরিত্র কিংবা সিনেমায় অংশগ্রহণের বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এর আগে গুঞ্জন ছিল, সিনেমাটিতে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের মায়ের ভূমিকায় ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে রানিকে। তবে অভিষেকের সঙ্গে তার সম্ভাব্য পুনর্মিলনের খবর সামনে আসায় ‘কিং’-এর কাস্ট নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।

রানি-অভিষেকের পাশাপাশি দীর্ঘদিন পর শাহরুখ খান ও রানি মুখার্জির জনপ্রিয় জুটিকেও পর্দায় দেখা যেতে পারে এই সিনেমায়। ২০০৬ সালে করণ জোহর পরিচালিত ‘কাভি আলভিদা না কেহনা’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।

এদিকে ‘কিং’-এর কাস্টও বেশ তারকাবহুল। শাহরুখ খান, সুহানা খান, রানি মুখার্জি ও অভিষেক বচ্চনের পাশাপাশি সিনেমাটিতে দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা এবং রাঘব জুয়েলের মতো তারকারা রয়েছেন বলে জানা গেছে।

সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’। মুক্তির আগেই একের পর এক চমক সামনে আসায় শাহরুখ-ভক্তদের অপেক্ষা যেন আরও বেড়ে গেছে।