অভিনেতা রণদীপ হুদা ও লিন লাইশরামের জীবনে এলো নতুন আনন্দের জোয়ার। দীর্ঘ প্রতীক্ষার পর এই তারকা দম্পতির ঘর আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যাসন্তান। মঙ্গলবার (১০ মার্চ) প্রথম সন্তানের আগমনে রণদীপ-লিনের সংসারে বইছে খুশির হাওয়া। গত বছরের নভেম্বর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই সুখবরের জন্য। অবশেষে নতুন অতিথির আগমনের খবরটি রণদীপ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
বাবা হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রণদীপ হুদা ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে নিজের বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি আজ বাবা হওয়ার পর, তোমার প্রতি আমার কৃতজ্ঞতা আরও গভীর হয়েছে বাবা।’ পাশাপাশি স্ত্রী লিন লাইশরামকে ধন্যবাদ জানিয়ে অভিনেতা লেখেন, ‘আমাকে বাবা বানানোর জন্য এবং আমাদের ছোট্ট মেয়েটিকে পৃথিবীতে আনার জন্য লিন তোমাকে ধন্যবাদ। ছোট্ট একটি মেয়ে আর সারাজীবনের ভালোবাসা।’ ভক্ত ও সহকর্মীরা মন্তব্যের ঘরে এই দম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন।
২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে ঐতিহ্যবাহী প্রথায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণদীপ ও লিন। বয়সের ব্যবধান থাকলেও তাঁদের রসায়ন সবসময়ই প্রশংসিত হয়েছে। মণিপুরের মেয়ে লিন লাইশরাম একজন প্রতিষ্ঠিত মডেল ও অভিনেত্রী, যিনি ‘ম্যারি কম’, ‘ওম শান্তি ওম’ এবং ‘রেঙ্গুন’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে, ‘হাইওয়ে’ ও ‘সর্বজিৎ’ খ্যাত অভিনেতা রণদীপ হুদা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। জীবনের নতুন এই অধ্যায়ে পা রেখে রণদীপ-লিন এখন তাঁদের রাজকন্যাকে নিয়ে কাটানো মুহূর্তগুলো উপভোগ করছেন।