বলিউডে রণবীর কাপুরকে রাম চরিত্রে নেওয়া নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন তার পক্ষেই কথা বললেন নির্মাতা অনুরাগ বসু। তার মতে, নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ এমন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করা রণবীরের ক্যারিয়ারের অন্যতম সাহসী সিদ্ধান্ত।

‘বারফি’ ও ‘জাগ্গা জাসুস’-এ একসঙ্গে কাজ করা এই নির্মাতা বলেন, পর্দায় রাম রূপে রণবীরকে দেখে তিনি অবাক হননি। তার ভাষায়, তিনি যেভাবে রণবীরকে কল্পনা করেছিলেন, ঠিক সেভাবেই তাকে পর্দায় দেখাচ্ছে।

অনুরাগ বসু আরও বলেন, বলিউডে অনেক সময়ই অভিনয়ে নির্দিষ্ট ছকের বাইরে যাওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু রণবীর সেই সীমা ভেঙে নতুন কিছু করার চেষ্টা করেছেন এবং তিনি এতে সফল হয়েছেন বলেই মনে করেন তিনি।

গত ২ এপ্রিল মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় রাম রূপে রণবীরের লুক। এর আগে লস অ্যাঞ্জেলেসে একটি বিশেষ প্রদর্শনীতেও দেখানো হয় ছবিটির টিজার। সেখানে রামকে শান্ত ও যোদ্ধা দুই রূপেই তুলে ধরা হয়েছে।

তবে টিজার প্রকাশের পর ভিএফএক্স ও অসুরদের উপস্থাপনা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকেই এর সঙ্গে Game of Thrones বা The Lord of the Rings-এর মিল খুঁজে পেয়েছেন। যদিও প্রায় ৪,০০০ কোটি টাকার বিশাল বাজেটের এই প্রজেক্টে এমন বড় মাপের ভিজ্যুয়াল উপস্থাপন স্বাভাবিক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

নিজেও শুরুতে দ্বিধায় ছিলেন বলে জানিয়েছেন রণবীর কাপুর। তার মতে, এত বড় ও শ্রদ্ধেয় একটি চরিত্রকে সঠিকভাবে তুলে ধরতে পারবেন কি না, তা নিয়ে তার মনে সংশয় ছিল। তবে কন্যা রাহার জন্মের পর তার ভাবনায় পরিবর্তন আসে এবং তিনি চরিত্রটি গ্রহণের সিদ্ধান্ত নেন।

এই মেগা প্রজেক্টে রণবীর কাপুর ছাড়াও রয়েছেন দক্ষিণী তারকা ইয়াশ (রাবণ), সাই পল্লবী (সীতা), রবি দুবে (লক্ষ্মণ) এবং সানি দেওল (হনুমান)। এছাড়া রাজা দশরথের ভূমিকায় দেখা যাবে অরুণ গোভিলকে।

দুই পর্বে নির্মিত ‘রামায়ণ’-এর প্রথম কিস্তি মুক্তি পাবে ২০২৬ সালের দিওয়ালিতে এবং দ্বিতীয় কিস্তি আসবে ২০২৭ সালের দিওয়ালিতে।