তেলুগু অভিনেত্রী রাকুল প্রীত সিংকে আগামীতে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ দেখা যাবে। ভারতীয় সিনেমায় নিজের কাজের পরিধি আরও বাড়াতে চান এই অভিনেত্রী। তাই প্রচলিত ঘরানার বাইরে গিয়ে নতুন ধরনের গল্প ও চরিত্রে নিজেকে পরীক্ষা করতে আগ্রহী তিনি।

রাকুল জানিয়েছেন, এমন চরিত্রে অভিনয় করতে চান, যেগুলো তাকে অভিনয়শিল্পী হিসেবে চ্যালেঞ্জ করবে এবং নতুন কিছু করার সুযোগ দেবে। ক্যারিয়ারে বিভিন্ন ধরনের সিনেমা ও চরিত্রে কাজ করলেও এখনও অনেক কিছুই করা বাকি বলে মনে করেন তিনি।

বিশেষ করে তীব্র আবেগের প্রেমের গল্পে অভিনয়ের ইচ্ছা রয়েছে রাকুলের। পাশাপাশি ঐতিহাসিক চরিত্র ও পিরিয়ড সিনেমাতেও নিজেকে দেখতে চান তিনি। শুধু তাই নয়, হরর সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতাও নিতে চান এই অভিনেত্রী।

নিজের পছন্দের ঘরানা নিয়ে রাকুল বলেন, ‘আমি এখনও পুরোপুরি প্রেমের গল্পে অভিনয় করিনি। এমন হৃদয়ছোঁয়া প্রেমের গল্পে কাজ করতে চাই, যেখানে গভীর আবেগ থাকবে। ঐতিহাসিক কোনও চরিত্রেও এখনও অভিনয় করা হয়নি। পিরিয়ড ছবিতেও কাজ করতে চাই। হরর সিনেমাতেও অভিনয় করিনি। এখনও অনেক কিছু করা বাকি। তাই বিভিন্ন ধরনের ঘরানায় নিজেকে পরীক্ষা করতে চাই।’

বর্তমানে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রেও নিজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে বলে জানান রাকুল। শুধু বড় বাজেট, তারকাবহুল আয়োজন কিংবা সিনেমার ঘরানা নয়, এখন যে চরিত্রে অভিনয়ের সুযোগ বেশি, সেটিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘ক্যারিয়ারের এমন একটা পর্যায়ে আছি, যেখানে নিজেকে চ্যালেঞ্জ করতে চাই এবং অভিনয়ের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে, এমন চরিত্র করতে চাই। এমন কিছু, যা আপনাকে ভেতর থেকে উত্তেজিত করে।’