ওপার বাংলার জনপ্রিয় তারকাদম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের অবনতি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিচ্ছেদ গুঞ্জনে অবশেষে জল ঢাললেন তাঁরা নিজেই। ছেলে ইউভানের ৬ষ্ঠ জন্মদিনে পরিবারের কাটানো বিশেষ মুহূর্ত ও একে অপরের প্রতি ভালোবাসার বার্তা শেয়ার করে সব গুঞ্জনের ইতি টেনেছেন এই দম্পতি।

সম্প্রতি শুভশ্রীর নতুন সিনেমা ‘দেশু ৭’-এর প্রচারের সময় থেকেই রাজ-শুভশ্রীর সম্পর্কের দূরত্বের ফিসফাস শুরু হয়েছিল টালিউডপাড়ায়। তবে শনিবার ছেলে ইউভানের জন্মদিন উপলক্ষে সুইমিং পুলে স্ত্রী-সন্তানকে নিয়ে কাটানো সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করেন পরিচালক রাজ চক্রবর্তী। ক্যাপশনে স্ত্রী শুভশ্রীর প্রতি নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ইউভানের শুভ জন্মদিনের পাশাপাশি তিনি তাঁর স্ত্রীরও জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান, কারণ ইউভানের মাধ্যমেই একজন মা হিসেবে শুভশ্রীর জন্ম হয়েছে। পুরো পরিবারকে একসুতোয় বেঁধে রাখার জন্য স্ত্রীর প্রশংসা করে রাজ আরও জানান, প্রতিদিনই তিনি নতুন করে শুভশ্রীর প্রেমে পড়েন।

অন্যদিকে, শুভশ্রীও ছেলের শৈশবের নানা মুহূর্তের কোলাজ ভিডিও তৈরি করে ইউভানের প্রতি নিজের গভীর ভালোবাসা প্রকাশ করেন। উল্লেখ্য, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর রাজ-শুভশ্রীর কোল আলো করে আসে প্রথম সন্তান ইউভান। পরবর্তীতে এই দম্পতির ঘরে আসে কন্যাসন্তান ইয়ালিনি।