টালিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল অন-স্ক্রিন জুটি পরমব্রত চ্যাটার্জি ও রাইমা সেন। রূপালী পর্দায় তাঁদের রসায়ন এতটাই নিখুঁত ও গভীর যে, সাধারণ দর্শক থেকে শুরু করে অনেকের কাছেই তাঁরা এক আদর্শ বিবাহিত দম্পতি। সম্প্রতি এই জুটির নতুন সিনেমা ‘আবার হাওয়া বদল’-এর প্রচারণায় এসে এক যৌথ সাক্ষাৎকারে ভক্তদের এই অদ্ভুত ধারণা এবং বিয়ে নিয়ে আক্ষেপের মজার সব গল্প শোনালেন তাঁরা।
ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাইমা সেন জানান, তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রির কারণে ভক্তদের আক্ষেপের যেন কোনো শেষ নেই। বিমানে যাতায়াত করার সময় প্রায়ই এয়ারহোস্টেসরা তাঁর কাছে এসে আক্ষেপ প্রকাশ করে জানতে চান যে, পরমব্রত কেন তাঁকে বিয়ে করলেন না! শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও রাইমাকে একা থাকার অদ্ভুত সব পরামর্শ দেন ভক্তরা। রাইমা হেসেই বলেন, এখনো ইনস্টাগ্রামে অনেকে তাঁকে মেসেজ দিয়ে বলেন যে, তাঁর আর বিয়ে করার দরকার নেই, কারণ পরমের তো ইতিমধ্যে বাচ্চাও হয়ে গিয়েছে।
দীর্ঘদিনের পারিবারিক বন্ধু ও সহকর্মী পরমব্রতর পরিচালনায় এবার ‘আবার হাওয়া বদল’ সিনেমায় অভিনয় করছেন রাইমা। শুটিং সেটে পরিচালক পরমের আচরণ কেমন এমন প্রশ্নের জবাবে রাইমা জানান, পরিচালক হিসেবে পরমব্রত অত্যন্ত শান্ত প্রকৃতির। একসঙ্গে দীর্ঘদিন কাজ করার সুবাদে তাঁদের দুজনের মধ্যে দারুণ এক পেশাদার ও ব্যক্তিগত বোঝাপড়া তৈরি হয়েছে।
বাস্তব জীবনে ভারতীয় বাংলা সিনেমার প্রথম সারির অধিকাংশ সমসাময়িক নায়িকা বিয়ে করে সংসারী হলেও ৪৬ বছর বয়সেও রাইমা সেন এখনো অবিবাহিত এবং নিজেকে ‘সিঙ্গেল’ বলেই দাবি করেন তিনি। অন্যদিকে, ২০২৩ সালে সমাজকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা-নির্মাতা পরমব্রত চ্যাটার্জি এবং বর্তমানে তিনি এক পুত্রসন্তানের জনক।