ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও পূর্ণিমাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি শাবনূরকে নিয়ে চিত্রনায়িকা পূর্ণিমার দেওয়া একটি পোস্ট নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

রবিবার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূর্ণিমা শাবনূরের সঙ্গে কাটানো একটি স্মরণীয় মুহূর্তের ভিডিও শেয়ার করেন। পোস্টে তিনি শাবনূরকে বাংলা চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল তারকা হিসেবে উল্লেখ করেন।

ক্যাপশনে পূর্ণিমা লেখেন, শাবনূর শুধু একজন তারকা নন, তিনি মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকা একজন ব্যক্তিত্ব। পর্দার সাফল্যের পাশাপাশি বাস্তব জীবনেও তিনি অসাধারণ মানুষ বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

তিনি আরও জানান, দুই থেকে তিন বছর আগে শাবনূরের সঙ্গে কাটানো সেই মুহূর্তটি তার জীবনের অন্যতম স্মরণীয় স্মৃতি হিসেবে থেকে গেছে। বাংলা চলচ্চিত্রে শাবনূরের অবদানকে তিনি অবিস্মরণীয় বলে উল্লেখ করেন এবং বড় পর্দায় তাকে মিস করার কথাও জানান।

ভিডিওতে দুই অভিনেত্রীকে হাস্যোজ্জ্বল ও আন্তরিক পরিবেশে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। পোস্টটি প্রকাশের পরই তা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে নানান প্রতিক্রিয়ার জন্ম দেয়।