চলচ্চিত্র নির্মাণের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়। ১৩ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় গত ১৮ এপ্রিল তাকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে গ্রেপ্তারের বিষয়টি গতকাল শনিবার (২৫ এপ্রিল) জনসমক্ষে আসে।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী মিজানুর রহমান ও তার এক বন্ধুর কাছ থেকে চলচ্চিত্র প্রযোজনার নাম করে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন দেবু প্রসাদ। অভিযোগ রয়েছে, ২০১৯ সালে তিনি নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে নেন। পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্ট এবং নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে আরও কয়েক দফায় কোটি কোটি টাকা গ্রহণ করেন। এছাড়া বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমেও বিভিন্ন সময়ে অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
ভুক্তভোগীর দাবি, ২০১৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ধাপে ধাপে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করেছেন দেবু প্রসাদ রায়। দীর্ঘদিন পার হলেও টাকা ফেরত না দিয়ে তিনি নানা তালবাহানা ও হুমকি প্রদান করে আসছিলেন। শেষে নিরুপায় হয়ে মিজানুর রহমান ক্যান্টনমেন্ট থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন। বর্তমানে পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন।