আবারও মা হতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী Puja Banerjee। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত একটি ভ্লগে স্বামী Kunal Verma-র সঙ্গে নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি।
ভ্লগে পূজা জানান, তিনি দ্বিতীয়বারের মতো গর্ভবতী। এ সময় পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী। শুধু সুখবরই নয়, দ্বিতীয় সন্তানের আগমনে এক সন্তান থাকা পরিবারের বাস্তব চ্যালেঞ্জগুলো নিয়েও খোলামেলা কথা বলেন এই দম্পতি।
প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২০ সালে আইনি বিয়ে করেন পূজা ও কুণাল। করোনা মহামারির সময় জাঁকজমকপূর্ণ আয়োজন না করে বিয়ের বাজেট সমাজসেবামূলক কাজে দান করেছিলেন তারা। একই বছরের অক্টোবরেই তাদের ঘরে জন্ম নেয় প্রথম সন্তান কৃষভ।
বিয়ের চার বছর পর এবার পরিবারে আসছে নতুন সদস্য। নতুন অতিথিকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন এই তারকা দম্পতি।
অভিনয় জীবনে পূজা বন্দ্যোপাধ্যায় দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন। এছাড়া ‘রকি’, ‘হইচই আনলিমিটেড’সহ একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। ওয়েব সিরিজ ‘পাপ’ ও ‘ক্যাবারে’-তেও দেখা গেছে তাকে।
বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি টেলিভিশনেও জনপ্রিয় মুখ পূজা। ‘কাহানি হামারে মহাভারত কি’ ও ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘ড্যান্স বাংলা ড্যান্স’ অনুষ্ঠানের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।