পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র জগতের তিন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও জিৎ সম্প্রতি এক ফ্রেমে বন্দি হয়ে বিনোদনপ্রেমীদের মাঝে দারুণ চমক সৃষ্টি করেছেন। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে টলিউডে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবে একসঙ্গে হাজির হন এই তারকারা।
উৎসবে টলিউডের বহু তারকা ও কলাকুশলী উপস্থিত থাকলেও সবার নজর ছিল প্রসেনজিৎ, দেব ও জিতের দিকে। বিভিন্ন সময়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব বা ‘ঠাণ্ডা যুদ্ধের’ গুঞ্জন থাকলেও সেই অনুষ্ঠানে পুরোনো সব অম্লতা ধুয়ে-মুছে দেন তারা। মঞ্চে তাঁদের কোলাকুলি করা, এক ফ্রেমে ছবি তোলা এবং একসঙ্গে নেচে ওঠার দৃশ্য উপস্থিত ভক্ত ও দর্শককে মোহিত করে।
দেব ও জিতের এর আগে ‘দুই পৃথিবী’ সিনেমায় দুর্দান্ত কেমিস্ট্রি দেখা গেলেও দীর্ঘদিন ধরে আর কোনো ছবিতে তাঁদের যৌথ উপস্থিতি ছিল না। সম্প্রতি দেব ইঙ্গিত দিয়েছিলেন যে দুর্গা পূজার পর তাঁদের তিনজনকে নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিশেষ এক পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে। সেই বড় চমকের আগেই মহানায়কের স্মরণসভায় এই বিরল মুহূর্ত উদ্যাপন করে যেন গোটা টলিউডকে এক সুতোয় বেঁধে দিলেন তারা।