বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে নিজের অবস্থান আরও শক্ত করছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এবার অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর বিপরীতে নতুন একটি সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলারে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘ব্লুফ্লাই’ নামের সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে দুই তারকাকে।

পিংকভিলার প্রতিবেদনে জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন নিমরোদ আন্তাল। ‘প্রিডেটরস’ সিনেমার পাশাপাশি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ কাজের অভিজ্ঞতা রয়েছে এই নির্মাতার। চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সিনেমাটির শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এ ‘ব্লুফ্লাই’-এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

‘ব্লুফ্লাই’-এর গল্পে দেখা যাবে জাতিসংঘের এক অনুবাদককে, যিনি ব্যক্তিগত শোকের মধ্যেই কঙ্গোয় একটি গোপন সামরিক অভিযানে জড়িয়ে পড়েন। তাঁর দায়িত্ব এমন একটি রহস্যময় উড়োজাহাজ উদ্ধার করা, যার অস্তিত্ব থাকার কথাই ছিল না। কিন্তু অভিযান যত এগোতে থাকে, ততই তাঁরা প্রবেশ করতে থাকেন বিপজ্জনক মিলিশিয়া নিয়ন্ত্রিত এলাকায়।

একপর্যায়ে অভিযানে থাকা দলটি এমন এক চাঞ্চল্যকর সত্যের মুখোমুখি হয়, যা পুরো পরিস্থিতিকে বদলে দেয়। উদ্ধার অভিযান তখন পরিণত হয় নিজেদের জীবন বাঁচানোর কঠিন লড়াইয়ে। ফলে সায়েন্স ফিকশনের পাশাপাশি রহস্য, অ্যাকশন ও আবেগের মিশেলে গল্পটি এগোবে বলে ধারণা করা হচ্ছে।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাঙ্ক ও কার্লাইল ইউব্যাঙ্ক। প্রযোজনার দায়িত্বে রয়েছে হাইল্যান্ড ফিল্ম গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এরিয়ান ফ্রেজার জানিয়েছেন, রাসেল ক্রো ও প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে শক্তিশালী একটি অভিনয়শিল্পী দল তৈরি হয়েছে। তাঁর মতে, ‘ব্লুফ্লাই’ শুধু অ্যাকশননির্ভর সিনেমা নয়, বরং আবেগ ও রহস্যে ভরা একটি সায়েন্স ফিকশন থ্রিলার হতে যাচ্ছে।

পরিচালক নিমরোদ আন্তালও সিনেমাটিকে ঘিরে আশাবাদী। তাঁর ভাষায়, ‘ব্লুফ্লাই’-তে সায়েন্স ফিকশনের সঙ্গে টানটান উত্তেজনা এবং শক্তিশালী চরিত্রের সমন্বয় থাকবে। ফলে সিনেমাটি দর্শকদের জন্য ভিন্ন ধরনের অভিজ্ঞতা তৈরি করতে পারে।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনে প্রিয়াঙ্কার ব্যস্ততাও বাড়ছে। বর্তমানে তিনি পরিচালক এস এস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যেই ‘ব্লুফ্লাই’-এ যুক্ত হওয়া তাঁর হলিউড ক্যারিয়ারে আরও একটি উল্লেখযোগ্য সংযোজন। অন্যদিকে রাসেল ক্রোকেও সামনে ‘হাইল্যান্ডার’-সহ বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমায় দেখা যাবে।