বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ভক্তদের সাথে এক খোলামেলা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন। সেখানে এক ভক্ত তাকে ‘ট্রফি’ হিসেবে বর্ণনা করলে অত্যন্ত মার্জিত কিন্তু কড়া ভাষায় তার প্রতিবাদ জানান অভিনেত্রী। প্রীতি স্পষ্ট করে দেন যে, নারীদের এমন বস্তুবাদী তকমা দেওয়া কেন অসম্মানজনক এবং সমস্যাজনক।

প্রীতি তার প্রতিক্রিয়ায় বলেন, “ধন্যবাদ, এটা হয়তো খুব মিষ্টি কথা, কিন্তু সত্যি বলতে কোনো নারীই ট্রফি হতে চায় না। ট্রফি কেনা যায়, কিন্তু নারীকে নয়! ট্রফি রাখা হয় কাঁচের আলমারিতে; অথচ একজন নারীর জায়গা কাঁচের আলমারিতে নয়, বরং আপনার জীবনে এবং আপনার হৃদয়ে।” নারীর মর্যাদা ও সম্মান নিয়ে প্রীতির এই বলিষ্ঠ মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের কাছে দারুণ প্রশংসিত হয়।

একই পর্বে প্রীতি কথা বলেছেন তার আসন্ন প্রজেক্টগুলো নিয়ে। দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরা প্রসঙ্গে তিনি ‘লাহোর ১৯৪৭’ সিনেমাটি নিয়ে নিজের উত্তেজনার কথা জানান। রাজ কুমার সন্তোষীর পরিচালনা এবং সানি দেওলের সঙ্গে কাজ করাকে তিনি আনন্দের বলে অভিহিত করেন। এছাড়াও তার পরবর্তী সিনেমা ‘ভাইব’ নিয়ে তিনি বলেন, এটি একটি অত্যন্ত হালকা মেজাজের এবং মজার ছবি। নারীর মর্যাদা রক্ষা এবং পেশাদার ব্যস্ততা- সব মিলিয়ে প্রীতি জিনতা আবারও প্রমাণ করলেন যে তিনি কেবল একজন অভিনেত্রীই নন, একজন সচেতন ব্যক্তিত্বও।