দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ এবার নতুন বিতর্কে জড়ালেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি উঠেছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের টিটিডি বোর্ডের সদস্য ও বিজেপি নেতা বানু প্রকাশ অভিনেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রকাশ রাজ ‘মানহানিকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্য’ করেছেন এবং হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ রামায়ণকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন।

অভিযোগকারীর দাবি, প্রকাশ রাজের বক্তব্য হিন্দু ধর্মের বিশ্বাসকে অসম্মান করেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একইসঙ্গে যারা এই মন্তব্যকে সমর্থন করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিতর্কের সূত্রপাত হয় চলতি বছরের জানুয়ারিতে কেরালা লিটারেচার ফেস্টিভ্যালে প্রকাশ রাজের একটি বক্তব্যকে কেন্দ্র করে। সেখানে তিনি শিশুদের একটি নাট্য পরিবেশনার উদাহরণ দেন, যেখানে রামায়ণের চরিত্রগুলোকে ব্যঙ্গাত্মক ও আধুনিকভাবে উপস্থাপন করা হয়। সেই অংশের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

পরবর্তীতে ১৬ এপ্রিল আইনজীবী অমিতা সাচদেভও অভিযোগ দায়ের করেন। নিজেকে ধর্মপ্রাণ হিন্দু হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, এই মন্তব্যগুলো তার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।

এখন পর্যন্ত এই বিষয়ে প্রকাশ রাজের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, প্রকাশ রাজ বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যে রয়েছে ‘দৃশ্যম থ্রি’, যেখানে অজয় দেবগন ও টাবুর সঙ্গে তাকে দেখা যাবে। এছাড়া থালাপাতি বিজয়ের ‘জন নায়াগান’ এবং মহেশ বাবুর ‘বারাণসী’ ছবিতেও তিনি অভিনয় করছেন।