চিত্রনায়িকা পরীমণির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। সোমবার সকালে ছবিটি প্রকাশ করে নায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ এরপরই নেটিজেনদের মনে প্রশ্ন, তবে কি আবারও মা হলেন পরীমণি?
ছবিতে দেখা যায়, গাড়িতে বসে চোখে রোদচশমা পরে আছেন পরীমণি। তাঁর কোলে রয়েছে ফুটফুটে এক শিশু। ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভিড় করেন ভক্ত ও অনুরাগীরা। অনেকে তাঁকে অভিনন্দন জানানোর পাশাপাশি শিশুটির পরিচয় জানতে চান।
পরীমণির ক্যাপশনই মূলত রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। ‘তিন নাম্বার জন ডান’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। ফলে সামাজিক মাধ্যমে অনেকেই ধারণা করছেন, হয়তো নতুন কোনো সন্তানকে দত্তক নিয়েছেন তিনি। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
শিশুদের প্রতি পরীমণির ভালোবাসার কথা অবশ্য আগেও বিভিন্ন সময়ে সামনে এসেছে। নিজের সন্তানদের পাশাপাশি একাধিকবার তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আরও সন্তানের মা হতে চান। এমনকি একসময় ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী।
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে থাকাকালে তাঁদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। পরবর্তীতে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই বড় করছেন পরীমণি। এরপর একটি কন্যাশিশুকে দত্তক নেন তিনি। মেয়েটির নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম।
বর্তমানে দুই সন্তানকে নিয়ে একাই সংসার সামলাচ্ছেন এই অভিনেত্রী। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটান তিনি। মাঝেমধ্যেই তাঁদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
তবে এবার কোলে সদ্যোজাত শিশুর ছবি প্রকাশের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই শিশুটি কে? নতুন কোনো সন্তানকে কি দত্তক নিয়েছেন পরীমণি, নাকি ছবিটির পেছনে রয়েছে অন্য কোনো গল্প?
বিষয়টি পরিষ্কার করতে পরীমণির সঙ্গে যোগাযোগ করা হলে প্রসঙ্গটি তোলার আগেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে জানা গেছে। ফলে শিশুটির পরিচয় কিংবা ‘তিন নাম্বার জন’ বলতে পরীমণি কী বোঝাতে চেয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের আলোচনা থামেনি। আপাতত তাঁদের অনুমান, পরীমণি হয়তো নতুন কোনো সন্তান দত্তক নিয়েছেন। তবে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না বলা পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।