বাংলাদেশের বিনোদন ও ক্রীড়া জগতের তারকাদের জনপ্রিয়তার বড় একটি মাফকাঠি হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। এতদিন ফেসবুক অনুসারীর দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে শীর্ষ স্থানটি দখলে রেখেছিলেন অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। তবে এবার তাঁকে পেছনে ফেলে অনুসারীর দিক থেকে শীর্ষে উঠে এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা
দীর্ঘ ১২ বছরের অভিনয় ক্যারিয়ারে পরীমনি অভিনীত প্রায় দুই ডজন সিনেমা মুক্তি পেলেও বক্স অফিসে বড় কোনো সাফল্য বা সুপারহিট তকমা পায়নি। তা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই অভাবনীয় জনপ্রিয়তার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে অনুসারীদের সঙ্গে তাঁর নিবিড় ও বাস্তবমুখী সংযোগকে।
নিজের জীবনযাপন, ভ্রমণ, সন্তানদের বড় হয়ে ওঠার মুহূর্ত কিংবা দৈনন্দিন ছোট ছোট অনুভূতি তিনি কোনো লুকোচুরি ছাড়া খোলা মনে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সাম্প্রতিক সময়ে কন্যাসন্তানের ভিডিও বা একটি সাধারণ ছবি পোস্ট করেই তিনি লাখ লাখ অনুসারীর প্রতিক্রিয়া ও ভালোবাসা পাচ্ছেন।
শীর্ষ স্থানে উঠে আসা প্রসঙ্গে পরীমনি জানান, তিনি ফেসবুকেও নিজের বাস্তব রূপটিই তুলে ধরেন, যা হয়তো মানুষ নিজেদের ভেবে আপন করে নেয়। মানুষের ভালোবাসাকেই নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, বিগত তিন বছর ধরেই তাঁদের দুজনের অনুসারীর সংখ্যা কাছাকাছি অবস্থান করছিল। অবশেষে সাকিবের ১৬ মিলিয়নের বিপরীতে ১৭ মিলিয়ন অনুসারী অর্জন করে শীর্ষ স্থানটি এককভাবে নিজের করে নিলেন পরীমনি।