জন্মদিনে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে চিত্রনায়িকা পরীমনি-র জন্য শিউলি ফুল পাঠানোর ঘটনা নিয়ে নেটদুনিয়ায় বেশ কৌতূহল তৈরি হয়েছিল। কে সেই ব্যক্তি, যিনি এত দূর থেকে ফুল পাঠালেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনার মাঝেই অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয় রসিকতা করে একটি ফেসবুক পোস্ট দেন। তবে সেই পোস্টের মন্তব্যে রহস্যের জট খুলে দিয়েছেন খোদ এই অভিনেত্রী নিজেই।

শাহরিয়ার নাজিম জয়ের মজার পোস্টের জবাবে পরীমনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে চট্টগ্রাম থেকে শিউলি ফুল পাঠানো ব্যক্তিটি কোনো পুরুষ নন, বরং একজন নারী। জন্মদিনের পুরো আয়োজনটি ‘শিউলি-সন্ধ‍্যা’ থিমে সাজানোর ইচ্ছা থেকে ফেসবুকে দুই মণ শিউলি ফুলের আকুতি জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। ভক্তদের সেই ভালোবাসার প্রতিদান হিসেবে জন্মদিনে নতুন সিনেমা ‘ফারজানা’-র ঘোষণা দিয়েও ভক্তদের চমকে দিয়েছেন এই চিত্রনায়িকা।