ইতালিতে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাঁধনের ওপর হামলার একটি ভিডিও শেয়ার করে স্ট্যাটাস দেন পরীমণি। সেখানে কড়া ভাষায় এই ঘটনার প্রতিবাদ জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি শেয়ার করে পরীমণি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুত্তার বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম‍্যাটার করে না। করেও নাই।’

পরীমণির এই পোস্ট প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাঁর ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের অনেকে বাঁধনের প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়ে পরীমণির অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন আজমেরী হক বাঁধন। সেখানে একটি পার্কে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সময় একদল ব্যক্তি তাঁর ওপর হামলা ও হেনস্তা করেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী।

বাঁধনের দাবি, তাঁকে লক্ষ্য করে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয়। তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তাঁর মুঠোফোনও ফেলে দেওয়া হয়। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন তিনি।

অভিনেত্রীর অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বাঁধন নিজেও। সেখানে কয়েকজনকে তাঁর দিকে তেড়ে যেতে এবং তাঁর সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায়।

বাঁধনের ওপর হামলার ঘটনা প্রকাশ্যে আসার পর দেশের বিনোদন অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিনেত্রীকে হেনস্তার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন অনেকে।

এরই ধারাবাহিকতায় এবার সরব হলেন পরীমণি। তাঁর কড়া ভাষার ফেসবুক পোস্ট নতুন করে আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এদিকে ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে অংশ নিয়েছেন বাঁধন। সিনেমাটি উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে প্রদর্শিত হচ্ছে।