নীল-সাদা জার্সিতে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে আবেগে ভেসেছে ফুটবল বিশ্ব। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই কিংবদন্তি। বিদায়ী ম্যাচেও ছিলেন চেনা ছন্দে—এক গোলের পাশাপাশি করেছেন দুটি অ্যাসিস্ট।
মেসির বিদায়ের আবেগ ছুঁয়ে গেছে বাংলাদেশি তারকাদেরও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় ফুটবলারের শেষ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে নিজেদের অনুভূতি জানিয়েছেন অনেকে। তাদের মধ্যে মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমনি।
মেসির বিদায়কে শুধু একটি ম্যাচ নয়, একটি যুগের সমাপ্তি হিসেবে দেখছেন পরীমনি। দীর্ঘ এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়, আজ একটা যুগের শেষ অধ্যায়।’
মেসিকে ঘিরে নিজের দীর্ঘদিনের স্মৃতিও তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।’
২০২২ বিশ্বকাপে মেসির হাতে ট্রফি দেখার মুহূর্তটিও স্মরণ করেছেন পরীমনি। তার ভাষায়, ‘২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না।’
বিদায়ী ম্যাচের জয়-পরাজয়ের চেয়ে মেসির শেষ মুহূর্তটিকেই বড় করে দেখেছেন পরীমনি। তিনি লিখেছেন, ‘আজ স্কোরলাইন যাই হোক, জয় পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে।’
শেষে মেসিকে ভালোবাসায় বিদায় জানিয়ে পরীমনি লেখেন, ‘বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না। ভালোবাসা প্রিয়।’