ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে হেনস্তা ও হামলার ঘটনা ঘিরে বিনোদন অঙ্গনে বইছে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড়। এমন অপ্রীতিকর পরিস্থিতিতে নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান সহানুভূতিহীনতা ও নিষ্ঠুর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। 

মঙ্গলবার সকালে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে পিয়া জান্নাতুল গভীর দুঃখ প্রকাশ করে লেখেন, মানুষ দিন দিন সংবেদনহীন হয়ে পড়ছে, যা নারী ও শিল্পীদের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। দেশের বাইরে অবস্থান করলেই যে কারও মানসিকতা খোলামেলা বা উন্নত হয়ে যায় না, তা উল্লেখ করে তিনি আরও জানান প্রকৃত উন্নতি নির্ভর করে একজন মানুষ অন্যকে কতটা সম্মান করতে পারছে এবং কতটা মানবিক থাকতে পারছে তার ওপর।

উল্লেখ্য, ভেনিসের মেস্ত্রে এলাকায় সন্তান ও ভাইয়ের সামনেই শারীরিকভাবে লাঞ্ছিত হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে রাজনৈতিক বিদ্বেষ ছড়িয়ে তাঁকে গালিগালাজ, গায়ে তরল ছুড়ে মারা ও মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে বিনোদন অঙ্গনের শিল্পী ও সাধারণ নেটিজেনরা সামাজিক মাধ্যমে সরব হয়েছেন এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।