দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল বা পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। কিন্তু বাস্তবায়নের চূড়ান্ত খবর কবে আসবে, তা নিয়ে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। আর এই পে-স্কেলের আলোচনা ও বিলম্বের মাঝেই হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে আশির দশকের জনপ্রিয় বাংলা সিনেমার এক কালজয়ী গান।
ভাইরাল হওয়া গানটি হলো মোস্তফা আনোয়ার পরিচালিত ‘অবুঝ হৃদয়’ চলচ্চিত্রের ‘তুমি আমার জীবন’। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা এবং রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া এই গানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন চিত্রনায়ক জাফর ইকবাল ও ববিতা। পে-স্কেলের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার অনিশ্চয়তাকে কেন্দ্র করে গানটির "কেউ জানে না" লাইনের ১৪ সেকেন্ডের একটি ক্লিপ নেটিজেনরা মজার ছলে শেয়ার করছেন।
সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, পে-স্কেল নিয়ে প্রতিদিন নতুন খবর আসলেও চূড়ান্ত ঘোষণা কবে আসবে তা সত্যিই ‘কেউ জানে না’। গানের কথার সঙ্গে বর্তমান পে-স্কেলের এই পরিস্থিতির মিল খুঁজে পাওয়ায় নেটিজেনদের কাছে পুরোনো এই রোমান্টিক ক্লাসিক গানটি এখন হাস্যরসের রসদ ও ট্রেন্ডিং টপিকে পরিণত হয়েছে। উল্লেখ্য, ইউটিউবে এখন পর্যন্ত ১৮ মিলিয়ন বার দেখা এই গানটি ঢাকাই সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় গান হিসেবে সমাদৃত।