‘পাতার বাঁশরি’ গানের কথা ও সুর করেছেন ঈশান মজুমদার। গীত রচনায় তাঁর সঙ্গে কাজ করেছেন ইলিয়াস হোসেন। সংগীত আয়োজন করেছেন অদিত রহমান। আর কোক স্টুডিও বাংলার চলতি চতুর্থ সিজনের কিউরেশন ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন শায়ান চৌধুরী অর্ণব।

এর আগে ‘দাঁড়ালে দুয়ারে’ গান দিয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিলেন ঈশান। এবার জনপ্রিয় শিল্পী সুনিধি নায়কের সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘পাতার বাঁশরি’ পরিবেশন করে আবারও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। অন্যদিকে, সুনিধিও কোক স্টুডিও বাংলার পরিচিত মুখ। এর আগে শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে ‘সন্ধ্যা তারা’ গানে ডুয়েট গেয়ে প্রশংসিত হয়েছিলেন তিনি।

কোক স্টুডিও বাংলার গানগুলোর ভিডিও সাধারণত নির্দিষ্ট স্টুডিও সেটে ধারণ করা হলেও, ‘পাতার বাঁশরি’র ক্ষেত্রে নেওয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। গানের আবহ ও গল্পকে আরও জীবন্ত করে তুলতে ভিডিওটি ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ের পানাম নগরে। শতবর্ষী স্থাপনা ও মনোরম প্রাকৃতিক পরিবেশ মিলিয়ে ভিডিওটি পেয়েছে অনন্য এক নান্দনিকতা।

গত শনিবার সন্ধ্যা ৭টায় প্রকাশিত হওয়া ‘পাতার বাঁশরি’ মুক্তির পর থেকেই দর্শক শ্রোতাদের ইতিবাচক সাড়া পাচ্ছে। প্রকাশের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই গানটি ইউটিউবে ২ লাখ ৭১ হাজারের বেশি ভিউ অর্জন করেছে।