ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর দাম্পত্য জীবনের দীর্ঘ ৩১ বছর পূর্ণ হয়েছে। সম্পর্কের নানা চড়াই-উতরাই পেরিয়ে এখনো নিজেদের ভালোবাসা আর বন্ধন টিকিয়ে রেখেছেন তাঁরা। দীর্ঘ এই পথচলার স্মৃতিকাতরতায় নিজের ভেরিফাইড ফেসবুকে বিয়ের পুরোনো এক ছবি পোস্ট করে আবেগঘন বার্তা শেয়ার করেছেন চিত্রনায়ক ওমর সানী।

শেয়ার করা ছবিতে তখনকার শেরাটন শাহবাগে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে শাশুড়িকে আংটি পরিয়ে দিতে এবং পাশে শ্বশুরকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রয়াত শ্বশুরকে স্মরণ করে ওমর সানী লেখেন, "একটা মধুর অনুভূতি জীবনের। কিন্তু এই ছবির আমার শ্বশুর সাহেব আজকে দুনিয়াতে নেই। বাবা, আমি মিস করছি আপনাকে, অনেক ভালোবাসি।" পাশাপাশি প্রবাসে থাকা অসুস্থ শাশুড়ির উদ্দেশ্যে তিনি যোগ করেন, "আর আম্মা, শুধু দেখা করার অপেক্ষায়, ঠিক না মৌসুমী?"

উল্লেখ্য, ১৯৯৪ সালে মুক্তি পাওয়া দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথম জুটি বাঁধেন ওমর সানী ও মৌসুমী। কাজের সূত্রে পরিচয় ও প্রেমের পর ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানি’ ও ‘লজ্জা’-র মতো বহু ব্যবসাসফল সিনেমায় এই জুটিকে দেখা গেছে। বর্তমানে তাঁদের দুই সন্তান ফারদিন ও ফাইজা রয়েছেন, আর মৌসুমী পারিবারিক কারণে দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।