ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। রাজনীতি, খেলাধুলা, দ্রব্যমূল্যসহ বিভিন্ন সমসাময়িক ইস্যুতে নিয়মিত মতামত দেন তিনি। তবে তাঁর পোস্টের প্রশংসার পাশাপাশি সমালোচনাও করেন অনেক নেটিজেন। এবার সেই মন্তব্যকারীদের সরাসরি নিজের অফিসে এসে কথা বলার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।
রোববার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ওমর সানী লেখেন, ‘যারা ব্যাড এবং গুড কমেন্ট করেন, তারা আমার অফিসে আসেন। দেখি কী বলার আছে আপনাদের। প্লিজ আসুন।’ পোস্টে তিনি তাঁর অফিসের ঠিকানাও উল্লেখ করেন গোল্ডস্যান্ডস গ্রুপ, ১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, তেজগাঁও, ঢাকা।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তাঁর এই আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখেছেন, আবার কেউ বিষয়টি নিয়ে সমালোচনাও করেছেন। তবে এ বিষয়ে পরে আর কোনো মন্তব্য করেননি অভিনেতা।
১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ওমর সানীর। পরের বছর মুক্তি পাওয়া ‘চাঁদের আলো’ তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। নব্বইয়ের দশকে তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি ব্যবসার সঙ্গেও যুক্ত এবং ঢাকায় তাঁর একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।