দীর্ঘদিন পর আবারও নতুন প্রজেক্টে ফিরছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে এবার বড় পর্দায় নয়, প্রথমবারের মতো একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তিনি। তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত হতে যাওয়া ‘লাপাত্তা’ শিরোনামের ওয়েব ফিল্মে দেখা যাবে এই অভিনেত্রীকে।

‘বরবাদ’ ও ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসা মেহেদী হাসান হৃদয়ের এটি হবে প্রথম ওয়েব ফিল্ম। নির্মাতা জানিয়েছেন, প্রকল্পটির সব প্রস্তুতি প্রায় শেষ। আগামী মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তাঁর ভাষায়, ‘এটি কমেডি-থ্রিলার ঘরানার একটি ওয়েব ফিল্ম। দর্শকদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা তৈরি করার চেষ্টা থাকবে।’

জানা গেছে, আগস্টের মাঝামাঝি শুরু হবে ‘লাপাত্তা’র শুটিং। নুসরাত ফারিয়ার পাশাপাশি এতে অভিনয় করবেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয় এবং আরও কয়েকজন পরিচিত শিল্পী। সবকিছু ঠিক থাকলে বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে পারে ওয়েব ফিল্মটি।

এদিকে, ‘লাপাত্তা’র কাজ শেষ হওয়ার পর শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার শুটিং শুরু করবেন মেহেদী হাসান হৃদয়। পাশাপাশি আগামী দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর আরেক সিনেমা ‘বিদায়’। অন্যদিকে, ওয়েব মাধ্যমে নুসরাত ফারিয়ার প্রথম কাজ হওয়ায় ‘লাপাত্তা’ নিয়ে দর্শকদের আগ্রহও তুঙ্গে।