ফিফা বিশ্বকাপ ২০২৬ এর অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশের আগেই আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সির সির’ নামের গানের প্রথম ঝলক প্রকাশের পর থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছেন।
মাত্র ৪৫ সেকেন্ডের টিজারেই নিজের নাচ ও উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করেন নোরা ফাতেহি। ভক্তরা দীর্ঘদিন ধরেই এই বিশ্বকাপের বিশেষ সংগীত প্রজেক্টে তার পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছিলেন। টিজার প্রকাশের পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
গানটির শুটিং হয়েছে মরক্কোর কাসাব্লাঙ্কায়। কোরিওগ্রাফার রাজিত দেব জানিয়েছেন, পুরো শুটিংয়ের জন্য মাত্র ১৫ মিনিট সময় পাওয়া গিয়েছিল। তবে সেই অল্প সময়েই পুরো দৃশ্য ধারণ করা সম্ভব হয়।
ছোটবেলায় ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল নোরা ফাতেহির। সেই স্বপ্ন পূরণ না হলেও এখন তিনি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের সংগীত ভিডিওর অন্যতম মুখ হয়ে নতুন এক সাফল্য অর্জন করেছেন। লাল-সাদা পোশাকে ফুটবলের আবহে তার নাচ দর্শকদের দৃষ্টি কেড়েছে।
নোরা ফাতেহি এই প্রজেক্ট নিয়ে বলেন, এই গানটিতে বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ ঘটানো হয়েছে। মরক্কোর পাশাপাশি কানাডীয় শিকড় এবং ভারতীয় প্রভাবও এতে রাখা হয়েছে। দক্ষিণ এশিয়ার দর্শকদের ভালোবাসার কারণেই তিনি আজ এই অবস্থানে পৌঁছেছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রজেক্ট সফল হয়েছে। বিশ্বকাপের মতো বড় আয়োজনে অংশ নিতে পারা তার জন্য গর্বের বিষয় বলেও তিনি উল্লেখ করেন।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানগুলোকে আরও আকর্ষণীয় করতে নানা আয়োজন রাখা হয়েছে। এর অংশ হিসেবে ১২ জুন, বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি।