বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী Nora Fatehi আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল মিউজিক ভিডিও ‘সির সির’-এর ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এই প্রজেক্ট।

মাত্র ৪৫ সেকেন্ডের টিজারেই নিজের নাচ ও উপস্থিতি দিয়ে দর্শকদের মনোযোগ কাড়েন নোরা। আগেই ঘোষণা ছিল, ফিফা বিশ্বকাপের বিশেষ মিউজিক প্রজেক্টে তিনি থাকছেন। সেই অপেক্ষার পর প্রকাশিত প্রথম ঝলক দ্রুতই ভাইরাল হয়ে যায়।

মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে মরক্কোর কাসাব্লাঙ্কায়। কোরিওগ্রাফার রাজিত দেব জানিয়েছেন, পুরো টিমকে মাত্র ১৫ মিনিট সময়ের মধ্যেই শুটিং সম্পন্ন করতে হয়েছে। সীমিত সময়ের মধ্যেও তারা কাঙ্ক্ষিত দৃশ্য ধারণ করতে সক্ষম হন।

শৈশবে ফুটবলার হওয়ার স্বপ্ন থাকলেও তা পূরণ হয়নি নোরার। তবে এবার বিশ্বকাপের মতো বড় আসরের অফিসিয়াল মিউজিক ভিডিওতে অংশ নিয়ে সেই ফুটবল-স্বপ্নেরই এক ভিন্ন রূপ বাস্তবায়ন করেছেন তিনি।

নোরা জানান, এই প্রজেক্টে মরক্কো, কানাডা ও ভারতের সংস্কৃতির মিশ্রণ তুলে ধরা হয়েছে। তাঁর মতে, ভারতীয় দর্শকদের ভালোবাসাই তাঁকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। আন্তর্জাতিক এই মঞ্চে কাজ করতে পেরে তিনি এটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন।

ফিফা ২০২৬-এর উদ্বোধনী আয়োজন ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক তারকার পাশাপাশি নোরা ফাতেহিও থাকছেন বিশেষ আকর্ষণ হিসেবে। আসন্ন ইভেন্টে কানাডার টরন্টো মঞ্চে তাঁর পারফরম্যান্স ঘিরে রয়েছে বাড়তি প্রত্যাশা।