একসময় বাবার শিঙাড়া বিক্রির আয়ে চলত সংসার। মন্দিরে ভজন গেয়ে মাত্র ৫০ টাকা উপার্জন করতেন তিন ভাইবোন। সেই মেয়েটিই আজ ভারতের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন নেহা কক্কর।

১৯৮৮ সালের ৬ জুন উত্তর প্রদেশের ঋষিকেশে জন্ম নেওয়া নেহার শৈশব কেটেছে অভাব অনটনের মধ্য দিয়ে। তার বাবা শিঙাড়া বিক্রি করতেন, আর ছোটবেলা থেকেই বড় বোন সনু কক্কর ও ভাই টনি কক্করের সঙ্গে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গান গেয়ে পরিবারের আয় বাড়াতে সাহায্য করতেন তিনি।

উচ্চমাধ্যমিকে পড়ার সময় ‘ইন্ডিয়ান আইডল’ এর দ্বিতীয় সিজনে অংশ নেন নেহা। যদিও শিরোপা জিততে পারেননি, তবে সেখান থেকেই শুরু হয় তার স্বপ্নপূরণের পথচলা। ২০০৮ সালে প্রকাশ করেন নিজের প্রথম অ্যালবাম ‘নেহা দ্য রকস্টার’ এবং একই বছর মুম্বাইয়ে পাড়ি জমান।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘সেকেন্ড হ্যান্ড জওয়ানি’, ‘ধাতিং নাচ’, ‘সানি সানি’, ‘কালা চশমা’, ‘দিলবার’, ‘আঁখ মারে’, ‘কোকাকোলা’ ও ‘সাকি সাকি’র মতো একের পর এক হিট গান তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।

২০২০ সালে গায়ক রোহানপ্রীত সিংকে বিয়ে করেন নেহা। বর্তমানে তিনি ভারতের অন্যতম সফল ও আলোচিত সংগীতশিল্পী। একসময় যে মেয়ে ৫০ টাকার জন্য গান গাইতেন, আজ তিনি কোটি কোটি ভক্তের ভালোবাসা ও বিপুল সাফল্যের অধিকারী।

সংগ্রাম, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের অনন্য উদাহরণ হয়ে ওঠা নেহা কক্করের জীবনগল্প আজও অসংখ্য তরুণ তরুণীকে স্বপ্ন দেখায়।