সংগীতকে পেশা নয়, বরং নিখাদ ভালোবাসা ও প্যাশন হিসেবে নেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় রকার ও নগরবাউল জেমস। বর্তমানে ইতালির ভেনিসে কনসার্ট শেষ করে সুইডেনের স্টকহোমে অবস্থান করছেন তিনি। শনিবার সেখানকার একটি মঞ্চে গান গাওয়ার পূর্বে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের গান, অভিজ্ঞতা এবং আধুনিক প্রযুক্তির প্রভাব নিয়ে খোলামেলা কথা বলেন এই সংগীত তারকা। 

সংগীত নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে জেমস তরুণদের উদ্দেশ্যে বলেন, “কোনো কিছু পাওয়ার জন্য যদি মিউজিক করো, তবে এখনই বন্ধ করে দাও। মিউজিক করবা জাস্ট একদম প্যাশন থেকে, নেশা থেকে নিজের জন্য।” কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি পারফেক্ট মিউজিকের বিষয়ে তিনি জানান, অতিরিক্ত নিখুঁত সুর মানুষকে একসময় একঘেয়ে করে দেবে। কিন্তু লাইভ মিউজিকের জীবনের মতো ডাইনামিক্স থাকে, যা চিরকাল টিকে থাকবে।

কনসার্টের ব্যস্ততায় নতুন গানের সময় না পাওয়ার কথা স্বীকার করে তিনি জানান, তিনি অতীত নয় বরং বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে পছন্দ করেন। প্রবাসে বাংলা গান পৌঁছে দেওয়ার পেছনে স্পন্সরদের ভূমিকার কথা স্মরণ করে তিনি কৃতজ্ঞতা জানান। সংগীত নিয়ে নিজের ভবিষ্যৎ ইচ্ছা জানিয়ে জেমস বলেন, “আমার মিউজিক নিয়ে ফিউচার বলতে, আমি মিউজিক করে যাব। শেষে গিয়ে যদি দেখি একটা দর্শকও থাকেন, তাহলেও ওই মিউজিকই করে যাব।”