ছোটপর্দার অভিনেতা মুকিত জাকারিয়া। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে মন্তব্য করেও মাঝেমধ্যে আলোচনায় আসেন তিনি। এবার স্ত্রীর অসুস্থতার মধ্যেও রাত ৪টায় পরোটা খাওয়ার একটি ঘটনা বলতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরে মুকিত বলেন, ‘রাত ৪টায় বললাম, “ও বউ, পরোটা খাইয়ুম।” স্ত্রী ১০২ ডিগ্রি জ্বর নিয়ে গরম পরোটা করে খাওয়ালো। আলহামদুলিল্লাহ।’
অভিনেতার এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, ১০২ ডিগ্রি জ্বরে অসুস্থ একজন স্ত্রীকে দিয়ে রাত ৪টায় খাবার তৈরি করানো কতটা মানবিক বা যৌক্তিক।
একজন মন্তব্য করেছেন, ‘মানুষ কতটা নির্লজ্জ হলে নিজের বউয়ের ১০২ ডিগ্রি জ্বরের খবর রাখে না, আবার ওই অবস্থায় পরোটা খাওয়ার বিষয়টি নিয়ে বলছে!’
আরেকজন লিখেছেন, ‘১০২ ডিগ্রি জ্বরে ভোগা বউকে দিয়ে রাত ৪টায় পরোটা বানিয়ে নিয়ে সেটা আবার গর্ব করে বলে বেড়াচ্ছে। এরা নাকি আবার শিল্পী!’
আরও একজন প্রশ্ন তুলেছেন, ‘বউয়ের ১০২ ডিগ্রি জ্বর, তারপরও পরোটা খেতে মন চায় কীভাবে? মন চাইলেও বানাতে বললেন কীভাবে?’
তবে মুকিতের বক্তব্য ঘিরে এমন সমালোচনা দেখা গেলেও এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেতার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
প্রসঙ্গত, টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পান মুকিত জাকারিয়া। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে বিজ্ঞাপনে তার পথচলা শুরু। পরে টিভি নাটক ও টেলিফিল্মের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।