বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও ভারতের উদীয়মান ক্রিকেটার যশস্বী জয়সোয়াল-কে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের একটি রেস্তোরাঁ থেকে দুজনকে ভিন্ন সময়ে বের হতে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে জোর আলোচনা শুরু হয়।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্যাফে থেকে বের হয়ে গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন যশস্বী জয়সোয়াল। অন্যদিকে ম্রুণাল ঠাকুর সে সময়ও ক্যাফের ভেতরেই অবস্থান করছিলেন। ভিডিওতে তাঁদের একসঙ্গে বা কোনো ঘনিষ্ঠ মুহূর্তে দেখা না গেলেও, একই স্থানে উপস্থিতি কেন্দ্র করে নেটিজেনরা তাঁদের প্রেমের জল্পনা উসকে দিয়েছেন।
এই আলোচনার পাশাপাশি সামাজিক মাধ্যমে দুজনের বয়সের ফারাক নিয়েও কথা বলছেন ভক্তরা। ৩৩ বছর বয়সী ম্রুণালের চেয়ে ২৪ বছর বয়সী যশস্বী বয়সে প্রায় ৯ বছরের ছোট। তবে অনেক নেটিজেনের ধারণা, ব্যক্তিগত প্রেমের কোনো বিষয় নয়; হয়তো কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন বা ব্র্যান্ড প্রচারণার শুটিংয়ের সুবাদেই একই স্থানে উপস্থিত ছিলেন তাঁরা।
সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত ম্রুণাল ঠাকুর কিংবা যশস্বী জয়সোয়াল কারো পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।