ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্ব মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন) অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। জীবনের প্রতিটি বড় ঘটনা নিয়ে ভিডিও বানিয়ে আলোড়ন সৃষ্টি করা এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর আগেই ভক্তদের কথা দিয়েছিলেন, তাঁর বিয়ে অন্তত ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কোনো কনটেন্ট হবে না। সেই কথা রেখেই দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বুয়সেনের সঙ্গে এক অত্যন্ত ব্যক্তিগত ও ঘরোয়া আয়োজনে বিয়ের পিঁড়িতে বসলেন ২৮ বছর বয়সী এই মার্কিন তারকা।
সম্প্রতি জিমি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে লেখেন, "আমি আমার মিসেস বিস্টকে পেয়ে গেছি। আর এটাই আমার জীবনের সেরা দিন।" ইউটিউবে ৫০ কোটিরও বেশি আর ইনস্টাগ্রামে প্রায় ৮ কোটি ৮০ লাখ ফলোয়ার থাকা সত্ত্বেও কোনো মহাধুমধাম নয়, বরং একেবারে ব্যক্তিগত ও শান্ত পরিবেশে সম্পন্ন হয় তাঁদের এই শুভ পরিণয়। বিয়ের পর থিয়াও ইনস্টাগ্রামে নিজের নাম বদলে ‘থিয়া ডোনাল্ডসন’ করে নিয়েছেন।
ক্যারিবিয়ান সাগরের রিচার্ড ব্র্যানসনের নেকার আইল্যান্ডে আয়োজিত এই ডেস্টিনেশন ওয়েডিংয়ে দুই পরিবারের সদস্য ও অতি ঘনিষ্ঠ বন্ধু মিলিয়ে মাত্র ৭০ জন অতিথি উপস্থিত ছিলেন। এক সপ্তাহ ধরে চলা এই বিয়ের উৎসবে ছিল কাইটসার্ফিং ও স্নরকেলিংসহ বিনোদনের নানা বর্ণিল আয়োজন।
তাদের প্রেমের শুরুটা হয়েছিল ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় এক কমন ফ্রেন্ডের মাধ্যমে আয়োজন করা ডিনারে, যা পরবর্তীতে গভীর ভালোবাসায় রূপ নেয়। এরপর ২০২৪ সালের বড়দিনে ঘরােয়া পরিবেশে পরিবারের সম্মতি নিয়ে থিয়াকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন জিমি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার ২৯ বছর বয়সী থিয়া বুয়সেন একাধারে লেখক, গেমার ও ই-স্পোর্টস ধারাভাষ্যকার। অন্যদিকে, সর্বকালের অন্যতম সফল ও ধনকুবের ইউটিউবার জিমি নিজের স্ত্রীকে উপহার দেওয়ার পাশাপাশি নিভৃতে সময় কাটানোর জন্য একাধিক দ্বীপও কিনেছেন বলে জানা গেছে।