রাজধানীর গুলশানে এক সাধারণ পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রুশ-বাংলা মডেল ও কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির। সম্প্রতি ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অনেকেই তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মনিকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করার সময় এক পথচারী পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর দিকে তাকালে তিনি ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিকে মারধর শুরু করেন। বিস্ময়কর বিষয় হলো, মারধরের পর তাঁকে হাসিমুখে উড়ন্ত চুমু দিতেও দেখা যায় এবং সেই ভিডিওটি মনিকা নিজেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন, নিছক ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই মনিকা এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন এবং পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়িয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও মডেলের শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকেই। সাধারণ মানুষের অভিযোগ, জনসম্মুখে এমন আচরণ সামাজিক শিষ্টাচারের পরিপন্থী এবং এটি স্রেফ সস্তা জনপ্রিয়তার একটি কৌশল।
তবে পুরো ঘটনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মনিকা কবির। গণমাধ্যমের কাছে তাঁর দাবি, ওই ব্যক্তি ভিডিও ধারণের সময় তাঁর খুব কাছে এসে আপত্তিকর মন্তব্য করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তাঁকে ধাক্কা দেওয়ার পাশাপাশি গায়ে হাত দিয়েছেন। মনিকার অভিযোগ, ধাক্কা দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যও করেছিলেন। তিনি আরও জানান যে, পুরো ঘটনার ভিডিওটি তাঁর মা ধারণ করছিলেন এবং আত্মরক্ষার্থেই তিনি এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন।