অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ‘ডিসকো ড্যান্সার’খ্যাত এই অভিনেতা বর্তমানে ভারতের দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিকভাবে অস্বস্তি অনুভব করায় দুই দিন আগে মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার তাঁর ডান হাতে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
জানা গেছে, এর আগেও মিঠুনের একই হাতে অস্ত্রোপচার হয়েছিল। তবে এবার ঠিক কী কারণে আবারও অস্ত্রোপচারের প্রয়োজন হলো, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
অস্ত্রোপচারের পর মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা দিচ্ছে।
মিঠুন চক্রবর্তীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন।