কন্যাসন্তানের বাবা-মা হওয়ায় ঢালিউডের তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তবে অভিনন্দনের পাশাপাশি তার একটি মন্তব্য সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন। এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।

মিষ্টি জান্নাতের এই বক্তব্যের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের জল্পনা। অনেকেই জানতে চাইছেন, তিনি কাকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন। কেউ কেউ ধারণা করছেন, এটি হয়তো শাকিব খানকে ঘিরেই কোনো ইঙ্গিত। আবার অনেকে তার সঙ্গে অতীতে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জনের প্রসঙ্গও সামনে আনছেন।

তবে মিষ্টি জান্নাত তার পোস্টে কারও নাম উল্লেখ করেননি কিংবা মন্তব্যটির বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যাও দেননি। ফলে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে কৌতূহল আরও বেড়েছে।

এর আগে শুক্রবার শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গত ১১ মে তাদের পরিবারে একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান। কন্যাসন্তানের আগমনের খবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন শাকিব খান ও বুবলী।