ওটিটি প্ল্যাটফর্মে আকাশচুম্বী সাফল্যের পর এবার সিনেমা হলের বড় পর্দায় ডেবিউ করল জনপ্রিয় ভারতীয় ক্রাইম থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘মির্জাপুর’। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই দর্শক ও বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে তিন ঘণ্টার এই অ্যাকশনধর্মী সিনেমা।
গুরমিত সিং পরিচালিত ‘মির্জাপুর: দ্য মুভি’ গত ৪ সেপ্টেম্বর হিন্দি ও তেলেগু ভাষায় একযোগে ভারতে ১১ হাজার ১৩৫টি শোতে প্রদর্শিত হয়। মুক্তির প্রথম দিনেই ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে চলচ্চিত্রটি আনুমানিক ২৪ কোটি ৭৫ লাখ রুপি নেট (গ্রস ২৯ কোটি ৭০ লাখ রুপি) আয় করেছে। এর মাধ্যমে সিনেমাটি ২০২৬ সালের সর্বোচ্চ উদ্বোধনী আয় করা হিন্দি সিনেমার তালিকায় চতুর্থ স্থান দখল করে নিয়েছে।
পঙ্কজ ত্রিপাঠীর ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু পন্ডিত’ ও ‘মুন্না’র রক্তক্ষয়ী সংঘাতের পাশাপাশি সিনেমাটিতে যুক্ত হয়েছে নতুন প্রতিপক্ষ ‘বাবুয়া যাদব’। মূল ওয়েভ সিরিজের আবহাওয়া ধরে রেখে ক্ষমতার লড়াই, অ্যাকশন, পারিবারিক দ্বন্দ্ব ও নতুন সূত্রের ওপর ভিত্তি করে নির্মিত গল্পটি দর্শকদের হলে টানতে সক্ষম হয়েছে। প্রথম দিনে প্রায় ৪২.৮১% থিয়োটার অকুপেন্সি ছিল, যেখানে রাতের শোতে দর্শক উপস্থিতি পৌঁছেছিল সর্বোচ্চ ৬২.৩৮ শতাংশে।