চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিদায়ের পর উচ্ছ্বাসে ভাসলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে সরাসরি ম্যাচ উপভোগ করেন তিনি। নরওয়ের কাছে ২-১ গোলে ব্রাজিলের পরাজয়ের পর গ্যালারি থেকেই উদ্যাপন করেন এই অভিনেত্রী। ম্যাচ চলাকালীন ও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একাধিক পোস্টও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে উদ্দেশ্য করে রসিকতাপূর্ণ পোস্ট করতে থাকেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টেডিয়ামে তোলা কয়েকটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, “ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।”
শুধু তাই নয়, ম্যাচ চলাকালীন ভক্তদের সঙ্গেও মজার ছলে যুক্ত হন এই অভিনেত্রী। আরেকটি পোস্টে তিনি লেখেন, “তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।”
ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয় ব্রাজিলের টুর্নামেন্ট থেকে বিদায়। এরপর গ্যালারিতে দাঁড়িয়ে দুই হাত উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন মেহজাবীন। স্টেডিয়ামের বিশাল পর্দায় নরওয়ের জয় ও ব্রাজিলের বিদায়ের দৃশ্যকে পেছনে রেখে ধারণ করা একটি ভিডিওও তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। সেই ভিডিওর ক্যাপশনে সংক্ষিপ্তভাবে লেখেন, “বাই বাই ব্রাজিল।”
তার এই পোস্টগুলো খুব দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা, হাস্যরস ও মন্তব্যের বন্যা। অনেকেই অভিনেত্রীর রসিকতাপূর্ণ পোস্ট উপভোগ করলেও, কেউ কেউ আবার নিজেদের প্রিয় দলের বিদায় নিয়ে হতাশার কথাও প্রকাশ করেন।
উল্লেখ্য, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। অন্যদিকে, শিরোপার অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্ট শুরু করা ব্রাজিলকে বিদায় নিতে হয়েছে শেষ ষোলোর বাধা থেকেই।