ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীর জীবনের অজানা এক অধ্যায় এবার উঠে আসছে বড় পর্দায়। নির্মাতা সুধীর মিশ্রের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটির গল্প আবর্তিত হবে গান্ধীর জীবনের ২১ দিনের একটি বিশেষ সময়কে ঘিরে। এতে মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি।

এখনো সিনেমাটির নাম কিংবা মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে গান্ধীর চরিত্রে মনোজ বাজপেয়ির লুক। প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি জনসভায় অনুগামীদের মাঝে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন তিনি।

সিনেমাটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌরভ শুক্লা। ছবিটি প্রযোজনা করছেন অনুভব সিনহা ও নরেন্দ্র হিরাওয়াত। নির্মাতাদের দাবি, এটি শুধু ঐতিহাসিক ঘটনার পুনর্নির্মাণ নয়; বরং সেই সময়ের আবেগ, মানবিক দিক এবং সংশ্লিষ্ট চরিত্রগুলোর অন্তর্লোকও তুলে ধরা হবে।

এদিকে আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে মনোজ বাজপেয়ি অভিনীত ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’। অরবিন্দ আদিগার বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন বেন রেখি। এতে প্রথমবারের মতো মনোজ বাজপেয়ির সঙ্গে পর্দা ভাগ করছেন বোমান ইরানি ও দিব্যা দত্ত।