সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা ও হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমালয়ের কন্যা নেপাল। সহস্রাধিক মানুষের মৃত্যু এবং চার হাজারের বেশি মানুষ নিখোঁজ হওয়ার এই বিভীষিকাময় পরিস্থিতিতে স্থবির হয়ে পড়েছে দেশটির পর্যটন খাত। অর্থনৈতিক এমন সংকটের মুখে দেশের ঘুরে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটকদের প্রতি নেপাল ভ্রমণের আহ্বান জানিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী মনীষা কৈরালা।
গত ৩০ আগস্ট কাঠমান্ডুতে সদগুরু আয়োজিত ‘ইন সলিডারিটি উইথ নেপাল’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন নেপালি বংশোদ্ভূত এই বলিউড তারকা। অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে আবেগঘন কণ্ঠে মনীষা বলেন, “আপনাদের যে ভালোবাসা ও সমর্থন নেপালের প্রতি রয়েছে, তা যেন অব্যাহত থাকে। এই মুহূর্তে একটি দেশ হিসেবে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মানুষ আমাদের দেশে আসুক। আমরা চাই না নেপালকে কেবল একটি দুর্যোগ বা সংকটের দেশ হিসেবে দেখা হোক। আপনারা আসুন এবং ভ্রমণ করুন।”
তিনি স্পষ্ট করেন যে, যদিও নেপাল ও তিব্বত সীমান্তে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, তবে দেশের অর্থনীতিকে সচল রাখতে পর্যটনই প্রধান চালিকাশক্তি। তাই পুরো দেশকে কেবল দুর্যোগ দিয়ে বিচার না করে হিমালয়, প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য ও নেপালিদের আতিথেয়তার খাতিরে বিশ্ববাসীকে আবার নেপালে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ১৯৮৯ সালে নেপালি ছবি ‘ফেরি ভেতোলা’ দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করার পর ১৯৯১ সালে ‘সওদাগর’ দিয়ে বলিউডে ডেবিউ করেন এই জনপ্রিয় অভিনেত্রী।