২০২৪ সালে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মন্দিরা চক্রবর্তীর। রূপ-লাবণ্যে দর্শকের নজর কাড়ার পাশাপাশি তাঁকে ঘিরে তৈরি হয় সম্ভাবনার আলো। এরপর গত বছরের জুনে ‘নীলচক্র’ সিনেমায় দেখা যায় তাঁকে।

তবে এরপর আর বড় পর্দায় দেখা যায়নি মন্দিরাকে। এক বছর পেরিয়ে গেলেও নতুন কোনো সিনেমার খবরেও পাওয়া যায়নি তাঁর নাম। ফলে অভিনয় থেকে কিছুটা দূরে সরে গেছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে মন্দিরা জানালেন, পর্দায় অনুপস্থিত থাকলেও অভিনয় থেকে একেবারেই দূরে নন তিনি।

অভিনেত্রী জানান, বর্তমানে তাঁর হাতে রয়েছে দুটি সিনেমা। এর মধ্যে একটি সিনেমার শুটিং এ বছরই শুরু হবে। সেই সিনেমার প্রস্তুতি নিয়েই বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। অন্য সিনেমাটির কাজ শুরু হবে আগামী বছর।

নতুন দুই সিনেমার খবর জানালেও আপাতত নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাননি মন্দিরা। সঙ্গত কারণেই এসব তথ্য গোপন রেখেছেন তিনি। তবে নতুন সিনেমার রিহার্সালের পাশাপাশি অভিনয় নিয়ে নিজেকে আরও প্রস্তুত করছেন এই অভিনেত্রী।

মন্দিরা জানান, অভিনয়ের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণও নিচ্ছেন তিনি। প্রতি মাসে অভিনয়ের ওপর একটি করে ক্লাসে অংশ নেন। বড় পর্দায় আরও ভালোভাবে নিজেকে উপস্থাপনের জন্যই এই প্রস্তুতি বলে জানান তিনি।

প্রসঙ্গত, শোবিজে মন্দিরা চক্রবর্তীর পথচলা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে যাত্রা শুরু করার পর বিজ্ঞাপনচিত্র, নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। এরপর ‘কাজলরেখা’ দিয়ে সিনেমায় অভিষেক। বড় পর্দায় পা রাখার পর থেকেই চলচ্চিত্রকেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম কেন্দ্র হিসেবে দেখছেন মন্দিরা।