পাকিস্তানি বিনোদন জগতের দুই জনপ্রিয় তারকা মাহিরা খান ও ওয়াহাজ আলী নতুন একটি ধারাবাহিক নাটক নিয়ে ফের ছোট পর্দায় ঝড় তুলতে আসছেন। শ্রেণিবৈষম্য, সামাজিক মর্যাদা, ক্ষোভ আর তীব্র প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এই নাটকের নাম ‘মিট্টি দে বাওয়ে’। সম্প্রতি টিজার প্রকাশের পর থেকে অনলাইন জগতে দারুণ কৌতুহল ও উদ্দীপনা তৈরি হয়েছে দর্শকদের মাঝে।

নাটকটিতে ‘বিলকিস’ ওরফে ‘বিল্লা’ চরিত্রে অভিনয় করেছেন মাহিরা খান, যিনি এক বিত্তশালী পরিবারের সন্তান। অন্যদিকে ওয়াহাজ আলীকে দেখা যাবে ‘বালা’ চরিত্রে, যে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে দিনযাপন করে এবং মায়ের সঙ্গে ঢোলক বাজিয়ে জীবিকা নির্বাহ করে। বিত্তবান পরিবারের অহংকার আর নিম্নবিত্তের হীনমন্যতার সংঘাত দিয়ে গল্পের শুরু হলেও সময়ের আবর্তে কাহিনি এক গভীর অন্ধকারের দিকে মোড় নেয়।

গল্পের নাটকীয়তায় এক পর্যায়ে বালাকে জেল খাটতে হয়, আর সময়ের ব্যবধানে বিল্লা আত্মপ্রকাশ করে এক পীর বা আধ্যাত্মিক গুরু হিসেবে। জেলে কাটিয়ে ফিরে আসা আর জীবনের এই অচিন্তনীয় পরিবর্তন তাদের পুরনো আক্রোশকে আরও উসকে দেয়। ড্রামার চূড়ান্ত শিখরে বিল্লাকে বলতে শোনা যায়, নিজের জীবন ধ্বংস হলেও সে বালাকে শান্তিতে বাঁচতে দেবে না। তবে প্রবল উত্তেজনা ছড়ালেও নাটকটির প্রচারের চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করেনি প্রযোজনা সংস্থা।