মেয়েকে হারানোর শোকে ভেঙে পড়েছেন কারিনা কায়সারের মা লোপা কায়সার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি তুলে ধরেছেন নিজের অসহায়ত্ব, দীর্ঘ জীবনের সংগ্রাম এবং প্রিয় সন্তানের জন্য অসীম মমতার কথা। পোস্টটি প্রকাশের পর থেকেই তা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়, যেখানে সহমর্মিতা ও শোক জানাচ্ছেন অসংখ্য মানুষ।

লোপা কায়সার লেখেন, জীবনের নানা কঠিন সময় ও বড় বড় পরীক্ষার মুখোমুখি হয়েও তিনি সবসময় দৃঢ় থাকার চেষ্টা করেছেন। প্রতিকূল পরিস্থিতিকে হাসিমুখে মোকাবিলা করেছেন এবং কখনো কারও কাছে কিছু প্রত্যাশা করেননি। বরং নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো ও উপকার করার চেষ্টা করেছেন সারাজীবন।

কিন্তু মেয়েকে ঘিরে এই নির্মম বাস্তবতা যেন তাকে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। হৃদয়বিদারক সেই পোস্টে তিনি লিখেছেন, “আজ আমার মেয়েকে ছাড়া জীবনের ভার আমি কীভাবে বয়ে বেড়াব, জানি না।” মায়ের এই সংক্ষিপ্ত অথচ গভীর বেদনাময় বাক্য অনেককেই আবেগাপ্লুত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পরপরই কারিনা কায়সারের ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক ও সমবেদনা জানাতে শুরু করেন। অনেকেই মন্তব্যে লোপা কায়সারের মানসিক শক্তির প্রশংসা করেছেন এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। কেউ লিখেছেন, সন্তানের শোক পৃথিবীর সবচেয়ে ভারী বেদনা, আবার কেউ মায়ের কষ্ট ভাগ করে নেওয়ার আকুতি জানিয়েছেন।

কারিনা কায়সার ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ। প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তিনি তরুণদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। অভিনয় ও সৃজনশীল কাজের মাধ্যমেও ধীরে ধীরে নিজের আলাদা অবস্থান তৈরি করছিলেন। আর সেই কারণেই তার অসুস্থতা ও মৃত্যুর খবর শুধু পরিবার নয়, ভক্তদের মাঝেও গভীর শোকের জন্ম দিয়েছে।