শুটিং সেটে বাংলাদেশের অভিনেত্রী কুসুম শিকদারকে মজার একটি নামে ডাকতেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নামটি ‘পুটলি’। শুধু প্রসেনজিৎ নন, ‘শঙ্খচিল’ সিনেমার পরিচালক গৌতম ঘোষও অভিনেত্রীকে এই নামে ডাকতেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে মজার এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন কুসুম।
প্রায় ১১ বছর আগে যৌথ প্রযোজনার সিনেমা ‘শঙ্খচিল’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কুসুম শিকদার। সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের স্বীকৃতি পায়। অন্যদিকে, এই সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন কুসুম।
সম্প্রতি নিজের জীবনের নানা জানা-অজানা গল্প তুলে ধরেছেন এই অভিনেত্রী। একটি পডকাস্টে অংশ নিয়ে ‘শঙ্খচিল’-এর শুটিংয়ের সময়কার সেই মজার অভিজ্ঞতার কথা জানান তিনি। কুসুম বলেন, শুটিংয়ে প্রতিদিন প্রয়োজনীয় নানা জিনিসপত্র একটি ব্যাগে ভরে নিয়ে আসতেন। তাঁর ব্যাগে প্রায় সব ধরনের দরকারি জিনিসই পাওয়া যেত।
আর এ কারণেই মজা করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও গৌতম ঘোষ তাঁকে ‘পুটলি’ নামে ডাকতেন। ব্যাগে প্রয়োজনীয় নানা জিনিস রাখার অভ্যাস থেকেই অভিনেত্রীর এই মজার নামের প্রচলন হয়।
এদিকে, খুব শিগগিরই দ্বিতীয় সিনেমার কাজ শুরু করতে চান কুসুম শিকদার। এবার অপরাধ-রহস্য ঘরানার গল্প নিয়ে দর্শকদের সামনে আসার পরিকল্পনা করছেন তিনি। সিনেমাটির মূল গল্প তাঁর নিজের হলেও চিত্রনাট্য তৈরির জন্য উপযুক্ত চিত্রনাট্যকার খুঁজছেন অভিনেত্রী।