বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানিকে নিয়ে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার দেহরক্ষী জিশান কুরেশি। আলিয়া ভাটের প্রাক্তন এবং বর্তমানে সিদ্ধার্থের ছায়াসঙ্গী জিশান এক সাক্ষাৎকারে জানান, গত বছর কিয়ারা যখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তখন এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। গর্ভাবস্থার সেই কঠিন সময়েও একটি ব্র্যান্ড শুটের কাজে ব্যস্ত ছিলেন কিয়ারা। স্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সিদ্ধার্থ তাই নিজের ব্যক্তিগত দেহরক্ষী জিশানকে পাঠিয়েছিলেন তাঁর সঙ্গে।

জিশান জানান, ঘটনাটি ঘটেছিল কিয়ারার ভ্যানিটি ভ্যানের সামনে। ভ্যান থেকে নামার সময় স্যুট পরা এক ব্যক্তি প্রথমে সেলফি তোলার বাহানা করে কিয়ারার কাছে আসেন। কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি গর্ভবতী কিয়ারাকে অতর্কিতে জড়িয়ে ধরার চেষ্টা করেন। জিশানের ভাষায়, সামান্য অসতর্কতায় বড় কোনো বিপদ ঘটে যেতে পারত। তবে নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে সরিয়ে নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। যদিও আকস্মিক এই ঘটনায় কিয়ারা বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

সেই সময় বিষয়টি সিদ্ধার্থ মালহোত্রাকে জানানো হয়নি। কারণ জিশানের মতে, খবরটি শুনলে সিদ্ধার্থ প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়তেন। পরে কিয়ারা নিজেই পরিস্থিতি বুঝিয়ে বলেন তাঁর স্বামীকে। উল্লেখ্য, গত বছরের জুন মাসে প্রথম সন্তানের মা হন কিয়ারা আদভানি। ২০২১ সালে ‘শেরশাহ’ ছবির সেটে শুরু হওয়া সিদ্ধার্থ-কিয়ারার প্রেম ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানে জাঁকজমকপূর্ণ বিয়ের মাধ্যমে পূর্ণতা পায়।